সিংগাইরে শ্বশুর বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউপির বেগুনটিউরি গ্রামের শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে মৌ আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার ধল্লা ইউপির জায়গীর গ্রামের মকবুল হোসেনের মেয়ে। তার স্বামী আলামিন মালয়েশিয়া থাকেন।
আট মাস আগে মৌ আক্তারের সঙ্গে বেগুনটিউরি গ্রামের ছালাম শেখের ছেলে আলামিনের এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর স্বামী আলামিন মালয়েশিয়া চলে যান। মৌ আক্তার স্বামীর বাড়িতে শ্বশুর -শাশুড়ির সঙ্গে থাকতেন।
.png)
গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে প্রেমের টানে সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গি মহল্লার পান বিক্রেতা শাহজাহানের ছেলে কোহিনুর ইসলাম ও তার অপর সহযোগি একই মহল্লার পলাশের ছেলে রুপমকে নিয়ে প্রবাসীর স্ত্রী মৌ আক্তারের সঙ্গে ওই বাড়িতে যান।
বাড়ির চার দিকে বাউন্ডারি দেয়াল থাকায় কোহিনুর রুপমকে পাহারায় রেখে প্রবাসীর স্ত্রীর সঙ্গে জানালা দিয়ে কথা বলতে থাকে। এ সময় শ্বশুর-শাশুড়ি টের পেয়ে বাড়ির বাইরে এসে রুপমকে ধরে ফেলে ঘরে আটকে রাখেন।
অপরদিকে, প্রেমিক কোহিনুর পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে লজ্জা- অপমান সহ্য করতে না পেরে মৌ আক্তার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
পুলিশ আটক রুপমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। নিহতের পরিবারের দাবী, মৌ আক্তারকে শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই মো. মনোহর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রবাসীর স্ত্রী লজ্জা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। আটক রুপম অল্প বয়স হওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।